বসন্ত জাগ্রত দ্বারে- ফুলের বনে যার পাশে যাই …

সজীব দে
পঞ্জিকা মতে ফাল্গুন ও চৈত্র এই দুই মাস মিলে বসন্তকাল। বাংলা পঞ্জিকাবর্ষে বসন্ত সর্বশেষ ঋতু হিসেবে স্বীকৃত। তবে ঋতুচক্র এখন কি আর নিয়ম মানে ? কুয়াশার চাদর মোড়া অকাল শীত তীব্রতা ছড়াতে না ছড়াতেই বিদায় নিয়েছে। প্রকৃতির দিকে তাকালে শীত, বর্ষার মত বসন্তকেও এখন সহজে চেনা যায়। আকাশের রং ক’দিন ধরেই কী নীল হয়ে উঠেছে, বাতাস আঘ্রান করলে এক সুগন্ধী প্রাণময়তা অনুভব করা যাচ্ছে, ধূসর বর্ণহীন পাতা ঝরে গিয়ে গাছের শাখাগুলো ঢেকে যাচ্ছে কচি কচি নতুন পাতায়। বসন্ত আজ জাগ্রত দ্বারে শীতের রুক্ষ দিনের অবসান ঘটিয়ে। ঋতুরাজ বসন্তের দিনগুলো মধুরেণ মায়াবী এক আবেশ ঘিরে রইবে বৃক্ষ, লতা, পাখ-পাখালী আর মানুষকে। এ ফাগুন সুখের মতো এক ব্যথা জাগিয়ে দেবে চিত্তে-
‘এতটুকু ছোঁয়া লাগে, এতটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী…।’
শীতের রুক্ষ প্রকৃতির যা আমাদের অবশিষ্ট আছে সেটাই সাজে বসন্তে। জরাগ্রস্ততা কাটিয়ে নতুন ফুল-পাতায়-রঙে ভরে উঠবে প্রকৃতি। গোলাপ, জবা, পলাশ, শিমুল গাছে লাগবে রঙের খেলা। বনফুল হতে গুন গুন করে মৌ-পরাগ আহরণে   ব্যস্ত, মুকুলের মদির সুবাসে মন-প্রাণ হিন্দোলিত, আদিগন্ত ফাগবেশ আর ব্যঞ্জনাময় উৎসব-আমেজ মানুষ মাত্রকেই আকৃষ্ট করে। আমাদের নতুন ভাবে বাঁচতে সাহায্য করে, উৎসাহ জোগায় অন্তরে। সে জন্যই হৃদয় বলে ওঠে, ‘হৃদয় আমার নাচেরে আজিকে/ময়ূরের মতো নাচেরে।’ আর এই জন্যই ঋতু রাজ বসন্ত। কবির ভাষায়-
মানুষের হৃদয় আজ আনন্দে ভরে উঠুক
দুঃখগুলি সব ঝরে যাক
মানুষের মন হোক অনন্ত
আজ যে বসন্ত…।
বসন্তের বন্দনা আছে কবিতা, গান, নৃত্য আর চিত্রকলায়। সাহিত্যের প্রাচীন নিদর্শনেও বসন্ত ঠাঁই করে নিয়েছে তার আপন মহিমায়। বাঙালির জীবনে বসন্তের উপস্থিতি সেই অনাদিকাল থেকেই। সাহিত্যের প্রাচীন নিদর্শনেও বসন্ত ঠাঁই পেয়েছে নানা অনুপ্রাস, উপমা, উপলক্ষ নানাভাবে। কবিগুরু বলেছেন, ‘বসন্তকালে আমরা নিজের উপর সমস্ত জগৎ স্থাপিত করিতে চাহি, বসন্ত উদাসীন, গৃহত্যাগী। বসন্ত আমাদের মনকে চারিদিকে বিক্ষিপ্ত করিয়া দেয়, বসন্তে আমাদের মন অন্তঃপুর হইতে বাহির হইয়া যায়, বাতাসের উপর ভাসিতে থাকে, ফুলের গন্ধে মাতাল হইয়া জ্যোৎস্ন্ ষ মধ্যে ঘুমাইয়া পড়ে; আমাদের মন বাতাসের মত, ফুলের গন্ধের মত, জ্যোৎস্নার মত, লঘু হইয়া চারি দিকে ছড়াইয়া পড়ে। বসন্তে বহির্জগৎ গৃহদ্বার উদ্ ঘাটন করিয়া আমাদের মনকে নিমন্ত্রণ করিয়া লইয়া যায়।’
গ্রীষ্মের তাপ, কালবৈশাখী আগে এ বসন্তে প্রকৃতি পায় শেষ পরিতৃপ্তি। কচি পাতায় আলোর নাচনের মতই বাঙালি তরুণ মনে লাগে দোলা। ফুল ফুটবার পুলকিত দিন বসন্ত। বন-বনান্তে, কাননে কাননে-পারিজাতের রঙের কোলাহল, আর বর্ণাঢ্য সমারোহ। ‘ফুলের বনে যার পাশে যাই তারেই লাগে ভালো’ কবিগুরুর এই উক্তি বসন্তেই কি সকলের বেশি মনে পড়ে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত গীত বিরাজ করে সকলের হৃদয়েই।
‘আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে
এত বাঁশি বাজে/
এত পাখি গায়…।’
 মাত্র তিন লাইনে বসন্তের মহিমা প্রকাশ করেছেন কবিগুরু। এরপর তো আর কিছু ৃৃ…………………….