সরকার দেশের সকল মোবাইল সিম বায়োমেট্রিকস পদ্ধতিতে পুনঃ নিবন্ধনের নির্দেশ জারির অনেক পর মোবাইল অপারেটর কোম্পানিগুলো নিবন্ধন কাজে হাত দিয়েছে। কিন্তু এক্ষেত্রে সবগুলো কোম্পানির তৎপরতা সমান গতিসম্পন্ন নয়। সুনামগঞ্জের অভিজ্ঞতা থেকে বুঝা যায়, গ্রামীণ ফোন কোম্পানি ছাড়া অন্য অপারেটরদের কাজের গতি খুবই মন্থর। কোথায় কীভাবে গ্রাহকরা নিজেদের সিম পুনঃনিবন্ধন করাবেন এনিয়ে নেই কোন প্রচারণা। তাই এই পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের কাজে এখনও আশানুরূপ গতি আসেনি বলে জানিয়েছেন অনেকে। এদিকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে এই কাজ শেষ করার জন্য বিটিআরসি সময়সীমা বেঁধে দিয়েছে। তাই সবগুলো অপরাটেরের রেজিস্ট্রেশন পয়েন্টের সংখ্যা না বাড়ালে নির্ধারিত সময়ের মধ্যে বিশাল এই কর্মযজ্ঞ শেষ হওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
মোবাইল সিম ব্যবহার করে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড দেদারসে ঘটছে। মোবাইল সিম ব্যবহারের মাধ্যমে অপরাধ বিস্তারের দায় কিছুতেই সংশ্লিষ্ট অপরাটেররা এড়াতে পারবেন না। কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে পান বিড়ির দোকানের মতো যত্রতত্র পাইকারি হারে সিম বিক্রির কারণে অপরাধীরা অবারিতভাবে সিম সংগ্রহ করে অপরাধ করার সুযোগ পেয়েছে। বিক্রির সময় ক্রেতার কোন ধরনের পরিচয় নিশ্চিত না হওয়া কিংবা ব্যক্তিগত পরিচিতির তথ্য সংরক্ষণ না করার কারণে অপরাধীদের কখনও সনাক্ত করা যায় না। দেশের সকল মোবাইল ব্যবহারকারীদেরই প্রতারকচক্রের সাথে কখনও না কখনও সম্পৃক্তি ঘটেছে। অসচেতন অনেকেই প্রতারকচক্রের পাতানো ফাঁদে পা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। গণমাধ্যমসূত্রে জানা যায়, একটি ভোটার আইডি কার্ডের বিপরীতে ৫ হাজার পর্যন্ত সিম নিবন্ধিত হয়েছে। অন্যদিকে একই সিমকার্ডের বহু ক্লোন তৈরি করে বাজারে ছাড়ার অভিযোগও ব্যাপক আকারে প্রমাণিত। এর দায় মোবাইল কোম্পানিগুলো এড়াবে কীভাবে? কোম্পানিগুলোর কাজকর্ম থেকে নিশ্চিত হওয়া যায় একটি স্পর্শকাতর প্রযুক্তিকে তারা কেবল মুনাফা অর্জনের উপলক্ষ হিসাবে বিবেচনা করে অপ-ব্যবসায় করে গেছে। তারা দেশের শান্তি-শৃঙ্খলা বিঘিœত হওয়া তথা নাগরিক সমাজের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র সচেতন ছিল না। এই অপকর্মের দায়ে মোবাইল অপারেটরদের কঠোর শাস্তির সামনে দাঁড় করানো উচিৎ ছিল। কিন্তু সেটি হয়নি। তবু ভাল যে, এবার আইন করে সকল সিম বায়োমেট্রিকস পদ্ধতিতে নিবন্ধনের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। সরকারের এই আদেশ পালনে যেসব অপারেটর শিথিলতা দেখাবে তাদের ব্যবসায় পরিচালনার অনুমতি বাতিল করা উচিৎ।
এদিকে বায়োমেট্রিকস পদ্ধতিতে নিবন্ধন নিয়ে নতুন এক উৎপাতের খবর পাওয়া গেছে। অনেক জায়গায় অভিযোগ পাওয়া যাচ্ছে যে, রেজিস্ট্রেশন পয়েন্টগুলোতে এজন্য গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। ছাতকে প্রতি গ্রাহকের কাছ থেকে ২০ টাকা করে গ্রহণের কারণে দাঙাহাঙ্গামা পর্যন্ত হওয়ার খবর দৈনিক সুনামগঞ্জের খবরেই ছাপা হয়েছে। সিম নিবন্ধনের জন্য রেজিস্ট্রেশন পয়েন্ট কোম্পানিগুলো থেকে নির্ধারিত হারে টাকা পেয়ে থাকে। এজন্য গ্রাহকদের নিকট থেকে কোন টাকা পয়সা নেওয়ার কথা নয়। সুতরাং যারা নিবন্ধনের সময় গ্রাহকদের নিকট থেকে টাকা নিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।
যেসব মোবাইল অপারেটর এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ রেজিস্ট্রেশন পয়েন্ট খুলেনি এবং যারা নিবন্ধনের বিষয়টি প্রচার-প্রচারণায় শৈথিল্য দেখাচ্ছে সেইসব অপারেটরদের দ্রুত কাজের গতি বাড়াতে বাধ্য করার জন্য আমরা বিটিআরসির প্রতি আহ্বান জানাই। জনগণের প্রতি আমাদের অনুরোধ, আপনারা দ্রুত নিজেদের সিমকার্ড রেজিস্ট্রেশন করিয়ে নিজের ও নাগরিকের নিরাপত্তা বিধানে সচেষ্ট হোন। মনে রাখা দরকার, একটি অবৈধ সিমকার্ড ব্যক্তির নিরাপত্তা বিনষ্ট করতে পারে যেকোন সময়।

