ভীমখালি বাজার ইজারা ইজারাদারের অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে প্রশাসন বললেন, আদালতের নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের সর্ববৃহৎ গরু-ছাগলের হাট ভীমখালী বাজার ইজারায় জটিলতা দেখা দিয়েছে। ভীমখালী বাজারের বর্তমান ইজারাদার এলাকার বিছনা গ্রামের মনসুর আলী আফিন্দী নতুন করে আবারো ভীমখালী বাজারের ইজারা প্রদানের প্রক্রিয়ায় সরকারি দরপত্র বাক্স না খোলার অভিযোগ করেছেন। গত ১৩ এপ্রিল বুধবার একজন আইনজীবীর মাধ্যমে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে এসব অভিযোগ করেন মনসুর আলী আফিন্দী।
লিখিত অভিযোগ উলেখ করা হয়েছে, মনসুর আলী আফিন্দী ভীমখালী বাজারের বর্তমান ইজারা গ্রহিতা। সরকারের পক্ষে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এই বাজারটি পুনরায় ইজারা প্রদানের জন্য প্রচার করলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দরপত্র দাখিল করেন। গত ২৯ মার্চ তারিখে তিনি ১০ লাখ ২০ হাজার টাকার জামানত প্রদান করেন। কিন্তু গত ১৫ দিনে ভীমখালী বাজারের ইজারা দরপত্রের বাক্স খোলা ও যাচাই-বাছাই করা হয়নি। এতে তিনি একজন ব্যবসায়ী হিসাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা টিটন খীসা বলেন, ‘ভীমখালী  বাজারের ইজারা কার্যক্রমের উপর এক ব্যক্তি উচ্চ আদালতে একটি পিটিশন করেছেন। আদালতের নির্দেশে বাজারের ইজারা কার্যক্রমে স্থগিত রয়েছে। এখন এই বাজার থেকে খাস কালেকশন আদায় করা হবে। ’