ভ্রমণ কাহিনী মালদ্বীপ, শ্রীলংকা সাত দিনের সাতকাহন-২

স্বপন কুমার দেব
দ্বীপের নাম ‘হুলুমালে’
আগের পর্বেই লিখেছিলাম মালদ্বীপের যে দ্বীপে আমরা আছি তার নাম ‘হুলুমালে’, আর হোটেলের নাম ‘কোরাল ইন’। ছোট বেলায় একটি ছোট খাটো উপন্যাস পড়ে চমৎকৃত হয়েছিলাম। বইটির নাম ‘দ্বীপের নাম টিয়ারং’। কাহিনী এবং লেখকের নাম এখন আর মনে নেই। তবে স্বপ্নের মতো একটি দ্বীপের বর্ণনা ছিল বইটিতে। এতো বছর পার হয়ে মনে হলো সেই চমৎকার স্বপ্নের দ্বীপের বুঝি এবার দেখা মিললো। বাস্তবে যার নাম ‘হুলুমালে’। নামটিতে একটা গাল ভরা রসের ভান্ডার আছে। কিংবা কিছু একটা হুলুস্থুল ভাব আছে। কিন্তু আসলে ভারত মহাসাগরের বুকে নিপুণ শিল্পীর হাতে শান্ত সবুজ পটে আঁকা একটি ছবি। হোটেলের জানালা দিয়ে নীল সমুদ্র দেখছিলাম। ঢেউগুলি তটে এসে মনোরম ভঙিতে আছড়ে পড়ছে। বিচের উপর দিয়ে অনেকে প্রাত:ভ্রমণ করছেন। পুরুষ-মহিলা, দেশী-বিদেশী আপন মনে ছন্দময় গতিতে সাগরের মৃদু গর্জনের সঙ্গে তাল মিলিয়ে হাঁটছেন কিংবা দৌঁড়াচ্ছেন। যেহেতু আমি দেশে থাকা অবস্থায় সকালে নিয়মিত হাঁটাহাঁটি করি তাই মনে হলো এক্ষুণি ছুটে যাই সাগর তটে আর হাঁটার আনন্দে গা ভাসিয়ে দেই। কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। অনেক কাজকর্ম বাকী আছে। আমরা একে একে বাথরুমে ঢুকলাম। এখানকার হোটেল বাথরুমে কোন বালতি, মগ, ট্যাপ ইত্যাদি নেই। টেলিফোনের রিসিভারের মতো হ্যান্ড শাওয়ার ঘুরিয়ে ঘুরিয়ে মৃদু গরম জলে ¯œান করে রেডি হয়ে নিচে নেমে আসি। সব হোটেলেই নিজস্ব ওয়াইফাই ব্যবস্থা আছে। কোড নাম্বার ঢুকিয়ে মোবাইলের প্যাকেজ চালু করে দেই। দেশে ও বিদেশে মেয়ে ও স্বজনদের ভালো আছি, কোথায় আছি ইত্যাদি খবর পাঠানোই মূল কাজ। তারা যেন নিশ্চিন্ত থাকে যে আমরা হারিয়ে যাইনি। কিংবা বিপদে পড়ি নি। তথ্য প্রযুক্তির চমৎকার সব আবিস্কার দূর কে এনে দিয়েছে নিকটে। তবে আমাদের বয়সে এসব কলাকৌশল রপ্ত করা বেশ কষ্টসাধ্য। ষোল আনার মধ্যে এক আনা আয়ত্বে এনেছি। এটুকুই আমাদের জন্য যথেষ্ট। নিচে হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট রেডি। এই ধরনের ট্যুর প্যাকেজে হোটেল বুকিং এর সঙ্গে ব্রেকফাস্ট ফ্রি থাকে। আসলে প্যাকেজের টাকার সঙ্গেই ব্রেকফাস্টের টাকা নিয়ে নেয়া হয়। খাওয়ার সময় নগদ দিতে হয় না এই যা শান্তনা। টেবিলে বিভিন্ন খাবারের আয়োজন। আমরা খেতে শুরু করে দেই। অনেকেই পেট পুরে খেয়ে নেন, যাতে লাঞ্চ পেরিয়ে ডিনার পর্যন্ত নাগাল পাওয়া যায়। আমরা মোটামুটি উদরস্ত করলাম। বেশি খাবার একসঙ্গে খাওয়ার একটা অভ্যাস লাগে। ম্যানেজারের কাছ থেকে পঞ্চাশ ইউএস ডলার ভাঙিয়ে প্রায় সাত-আটশত টাকা মালদ্বীপ অর্থ পেয়ে যাই। ডলার রেইট আমাদের দেশের মতোই। মালদ্বীপের মুদ্রাকে বলে ‘রুফায়া’। ঝকঝকে গোলাপী ও ইটা রং এর নোট। ‘হুলুমালে’ দ্বীপে প্রায় সব হোটেলেই কোন না কোন ভাবে বাঙালি ছেলেপিলেরা যুক্ত আছে। প্রাচীনকালে মালদ্বীপকে বলা হতো মালদ্বীপ দ্বীপপুঞ্জ। প্রায় একহাজারের অধিক ছোট-বড় দ্বীপ নিয়ে গঠিত ছিল এই দ্বীপমালা। কোন দ্বীপই সমুদ্র থেকে ৬ ফিটের উপরে নয়। ইতোমধ্যে কালো ¯্রােতে অনেক দ্বীপ সাগরে তলিয়ে গেছে। আবার অনেক দ্বীপই আছে অকার্যকর, জনমানব শূন্য এবং গভীর সমুদ্রের আরো গভীরে। আলাপে আলাপে জানা যায় এখন প্রায় একশত ত্রিশটি কার্যকর দ্বীপ আছে। মালদ্বীপের রাজধানী শহরের নাম মালে এবং ঐ দ্বীপটির নামও ‘মালে’। আমরা আছি            
‘হুলুমালে’। আন্তর্জাতিক ইব্রাহিম নাসির বিমানবন্দর যে দ্বীপে তার নাম ‘হুলহুলে’। বিচিত্র সব নাম। এছাড়া আরো কয়েকটি ছোট ছোট বিমানবন্দর আছে মালদ্বীপে। ১৯৬৮ সনে মালদ্বীপ প্রজাতন্ত্রে রূপান্তরিত হওয়ার পর প্রথম প্রেসিডেন্টের নাম ইব্রাহিম নাসির। তার নামেই বিমানবন্দরের নামকরণ হয়। ‘হুলুমালে’ দ্বীপটি প্রয়োজনের তাগিদে পরবর্তী কালে কৃত্রিমভাবে তৈরি করা হয় এবং ইব্রাহিম নাসির আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে যুক্ত করা হয় সাগরের উপর দিয়ে রাস্তা তৈরি করে। ‘হুলুমালে’ থেকে রাজধানী মালে দ্বীপ নিকটে হলেও যেতে হয় লঞ্চে করে সাগর পেরিয়ে। মালে থেকে চীনের সঙ্গে যৌথ প্রজেক্টে সাগরের উপর দিয়ে একটি ব্রীজ নির্মাণের কাজ চলছে। আগামী দু’বছরের মধ্যে তা খুলে দেয়া হবে। তখন বিমানবন্দর দ্বীপ হুলহুলে, হুলুমালে, আর রাজধানী মালে এই তিনটি দ্বীপই পরষ্পরের সাথে যুক্ত হয়ে যাবে। আমাদের হোটেল থেকে বেরিয়ে পেছন দিকে ভারত মহাসাগর। সকাল প্রায় ১০টা বাজে (বাংলাদেশ সময় ১১টা)। দীর্ঘ সি বীচ। যতদূর চোখ যায় সাগরের নীল জলরাশি। বীচের কিনারা ঘেষে সুনসান মসৃন রাস্তা। রাস্তার ওপারে সারি সারি ছবির মতো দ্বিতল ত্রিতল ভবন। অধিকাংশই হোটেল। সারা মালদ্বীপে প্রায় চারশ’র মতো হোটেল আছে। তার মধ্যে প্রায় সত্তরটি হোটেল ‘হুলুমালে’ দ্বীপে অবস্থিত। এদিকে রোদ তেতে উঠেছে। ডিসেম্বর মাসেও বেশ গরম। বালুকাময় সাগর তটে চেয়ার টেবিলে বসে আছেন সাদা কালো রং এর নানা দেশী বিদেশী পর্যটক। উপরে বিশাল ছাতা। হাতে গ্লাস। তাতে ফলের জুস। কেউ কেউ সাগরে দাপাদাপি করছেন। কেউ বা বড় বোট নিয়ে দূর সাগরে ঘুরাঘুরি করছেন। পরিবেশ নিরব নিস্তব্ধ। কোলাহল নেই। কক্সবাজারের লাবনী বিচের মতো জনতার ঢল নেই। নীল সমুদ্রে হিল্লোলিত চমৎকার একটি সাগর তট। আমরা সোজা রাস্তায় ধীরে ধীরে হাঁটছি। মাঝে মাঝে সুদৃশ্য প্রাইভেট কারের আনাগোনা। কোন রিক্সা বা অটো ইত্যাদি নেই। সামান্য কিছু গণ পরিবহনের বাস আছে। ঘড়ির কাঁটায় কাঁটায় চলাচল করে। খুবই সুন্দর আরামদায়ক এসি বাস এগুলি। আর আছে ট্যাক্সি। অনেক বাঙালিই ট্যাক্সি ড্রাইভার হিসেবে মালদ্বীপে কাজ করেন। প্রায় নির্জন সড়কে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম আরেক মাথায়। সামনে আবার সমুদ্র। সড়কটি বা দিকে বাঁক নিয়েছে। সঙ্গে সমান তালে এগিয়ে যাচ্ছে সমুদ্র। পদমর্যাদায় ‘হুলুমালে’ দ্বীপ একটি জেলা। মোট এরিয়া ২.০০৯ স্কয়ার কিলোমিটার। লোকসংখ্যা প্রায় ত্রিশ হাজার। কিন্তু লোক চলাচল চোখে পড়ে না। দ্বীপটি লম্বায় ২.৪ কিলোমিটার। প্রস্থে ১ কিলোমিটার। ২০০৪ সনে তৎকালীন প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম কৃত্রিমভাবে তৈরি করা এই দ্বীপটির উদ্বোধন করেন। বর্তমানে দ্বীপে বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ চলছে। দ্বীপে একটি সুদৃশ্য মসজিদ, হাসপাতাল, পার্ক ও স্কুল আছে। সড়ক ধরে হাঁটতে হাঁটতে আমরা আরেক প্রান্তে চলে এলাম। এখানেও সমুদ্র। বনজঙ্গলে ঢাকা একটা ছোটখাটো অরণ্যের পাশে আমরা দু’জনে বসে জিরিয়ে নেই। আবার হাঁটা। ছক কাটা দ্বীপ শহর। এবারে যে সড়কে হাঁটছি সেখানে কিছু দোকান পাট, ব্যাংক, হোটেল, রেস্তোরা ইত্যাদি আছে। এক দোকানে চা এর সঙ্গে সামান্য নাস্তা খেয়ে আবার হাঁটতে থাকি। এবার একটা আবাসিক এলাকা। প্রতিটি বাসার সামনে পুরুষ-রমনী-শিশুরা জটলা করছেন। মালদ্বীপের স্থানীয় অধিবাসী সবাই মুসলমান। গায়ের রং কালো। মহিলারা বোরকা এবং হিজাব পড়েন। দেখলাম বয়স্ক মহিলা কেউ কেউ কাঁচের ফর্সি হুক্কায় ধূমপান করছেন। সবাই হাসিখুশি। মালদ্বীপের ভাষার নাম মালদ্বীপিয়ান। মূলত: ইন্দোএরিয়ান ভাষা গোত্রের অন্তর্গত। হরফগুলি দেখতে অনেকটা আরবি হরফের মতো। কিছু কিছু আঞ্চলিক ভাষাও আছে। ভাষা বুঝা বেশ কষ্টকর। যেসব বাঙালি এখানে কাজ করেন তারা মোটামুটি ভাষা রপ্ত করে ফেলেছেন। সারা মালদ্বীপে প্রায় দেড় লক্ষ বাঙালি বিভিন্ন পেশায় নিয়োজিত। এর বাইরে মালদ্বীপের মোট জনসংখ্যা প্রায় চার লক্ষ। বাঙালিদের মধ্যে বেশিরভাগই হোটেল ও বিভিন্ন রিসোর্টের সঙ্গে জড়িত। এবারে টের পেলাম বেশ ক্ষুধা পেয়ে গেছে। লাঞ্চের সময়ও উত্তীর্ণ প্রায়। আমরা একটি রেস্টুরেন্টে ঢুকে গেলাম। ম্যানেজার অবাঙালি তবে আমরা বাঙালি বুঝেই ভেতর থেকে একজন শেফ কে ডেকে নিয়ে এলেন। ইনি বাঙালি। কাজেই কথাবার্তায় কোন অসুবিধা নেই। মালদ্বীপের একটি বিখ্যাত সামুদ্রিক মাছের নাম টুনা ফিস। আমরা অতি চমৎকার বাসমতি চালের সাদা ভাতের সঙ্গে টুনা ফিসের সুস্বাদু তরকারি দিয়ে ধীরে সুস্থে খেয়ে দেয়ে আবার হাঁটতে হাঁটতে হোটেলের দিকে চললাম। ভাত মাছের দাম আমাদের দেশের মতোই। ফেরার পথে দেখি সাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। ভাসানো পাথর ডুবে গেছে। সম্ভবত: জোয়ার উঠেছে। তিন রং ধারণ করেছে ভারত মহাসাগরের জলরাশি। দূরে নীল অত:পর সবুজ আর ঢেউ আছড়ে পড়ার সময় সাদা। রঙের চমৎকার সমন্বয়। হাঁটতে হাঁটতে দুপুর আর বিকেলের মাঝামাঝি সময়ে হোটেলে ফিরে এলাম। সময় চলছে অলস গতিতে। আমরাও ক্লান্তিতে দিবা নিদ্রায় ঢলে গেলাম। (চলবে)
লেখক : সিনিয়র আইনজীবী ও কথা সাহিত্যিক।