স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-সিলেট ও দিরাই রাস্তার মদনপুর পয়েন্টে সন্ধ্যার পর থেকে রাতের আধারে চুরি-ছিনতাই বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। এই এলাকার বৈদ্যুতিক ট্রান্সফরমার নষ্ট থাকায় এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সুযোগে চুরি-ছিনতাই সংঘটিত হচ্ছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও নিরাপত্তা জোরদারের জন্য ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।
বুধবার মদনপুর পয়েন্টের ২১ জন ব্যবসায়ী জেলা প্রশাসকের সাথে দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য
অনুরোধ জানিয়ে লিখিত আবেদন করেছেন।
জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনে স্থানীয় ব্যবসায়ীরা উল্লেখ করেছেন, মদনপুর সুনামগঞ্জ-সিলেট ও দিরাই রাস্তার মিলনস্থল। দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক পথে ভাটি এলাকার অনেক লোকজন মদনপুর পয়েন্টে নেমে বাড়ি ফিরেন। কিন্তু গত কয়েকদিন এই এলাকার বৈদ্যুতিক ট্রান্সফরমার নষ্ট থাকার বিদ্যুৎ না থাকায় যাত্রীরা সন্ধ্যার পরই চুরি-ছিনতাই শিকার হচ্ছেন। কিছুদিন পূর্বে রাতের অন্ধকারে এই এলাকার পেট্রোল পাম্প থেকে ছিনতাইকারীরা একটি সিএনজি ছিনতাই করে নিয়ে যায়। এসময় পেট্রোল পাম্পের নিরাপত্তাকর্মী বাধা দিলে ছিনতাইকারীরা তাকেও বেধে নিয়ে যায়। পরে নিরাপত্তাকর্মীকে হাত-পা বেধে সিলেটমূখী যাওয়ার পথে ডাবর সেতুর নিচে ফেলে রেখে চলে যায়। পর দিন নিরাপত্তাকর্মীতে উদ্ধার করা সম্ভব হলেও আজ পর্যন্ত সেই সিএনজি উদ্ধার করা সম্ভব হয়নি। তাই ব্যবসায়ীরা মদনপুর পয়েন্টে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও নিরাপত্তা জোরদারের দাবি জানান।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘মদনপুর পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। একই সাথে এই এলাকার বৈদ্যুতিক ট্রান্সফরমারটি খুব দ্রুত মেরামত করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলব।’


