ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগরে আশা পুরকায়স্থ নামে এক গৃহবধূ গত ৭দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে গৃহবধূর চাচা গোপেশ পুরকায়স্থ গত ২৪ মার্চ মধ্যনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। গত ২১ মার্চ আশা মধ্যনগর বাজার থেকে নিখোঁজ হয়। আশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রাঙামাটি গ্রামের বিকাশ পুরকায়স্থের মেয়ে।
জানা যায়, প্রায় ৬ মাস আগে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ইছাপুর এলাকার পিকলু সরকারের সাথে আশার বিয়ে হয়। প্রায় ২০দিন ধরে আশা তার বাবার বাড়িতে অবস্থান করছিল। গত ২১ মার্চ সকাল ৯টার দিকে নিজের কাপড় ইস্ত্রী করানোর কথা বলে ব্যাগে করে কাপড় নিয়ে মধ্যনগর বাজারে যায়। পরে সে আর বাবার বাড়িতে ফিরেনি। পরিবারের লোকজন তাকে খোঁজাখোঁজি করেও কোনো সন্ধ্যান পায়নি।
মধ্যনগর থানার ওসি জাহিদুল হক বলেন, ‘এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ওই গৃহবধূর ব্যবহৃত তিনটি সিমই বন্ধ রয়েছে। তাকে খোঁজে বের করতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’
- জামালগঞ্জে ভূট্টা চাষে বিপ্লব/ ১ বছরে চাষ বেড়েছে প্রায় ৪ গুণ, লাভবান কৃষক
- সুনামগঞ্জে ব্র্যাক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি’র সমাপনী কর্মশালা


