সু.খবর ডেস্ক
মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার গোলাম ফায়জুল্লাহ ফাহিমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে আদালতে ফাহিমকে উপস্থাপন করে ১৫ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ।
সদর থানার পরিদর্শক (তদন্ত) শুকদেব রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার প্রভাষক রিপন চক্রবর্তীকে হত্যার চেষ্টায় গোলাম ফাইজুল্লাহ ফাহিমসহ ৬ জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় মামলা হয়। পুলিশের পক্ষ থেকে এসআই আউব আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন- তাকসিন সামলাম ওরফে সামিল (২০), শাহরিয়ার হোসেন পলাশ (২০), মেজবাহ (১৯), রায়হান (২০), জাহিন (২০)।
এদিকে হামলার ঘটনায় আটক ফাহিমকে নিয়ে বুধ ও বৃহস্পতিবার দুই দিন কয়েক দফা অভিযান চালানো হয়েছে। এতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এছাড়া মাদারীপুর সদর থানা থেকে ১২ সদস্যের একটি টিমসহ একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে।
মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, গ্রেফতার ফাহিমসহ ৬ জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে ফাহিম বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার কথা বলেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার বিকেল ৫টার দিকে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীর ভাড়া বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রভাষকের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে পালিয়ে যাবার সময় গোলাম ফাইজুল্লাহ ফাহিম (২০) নামে একজনকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।


