স্টাফ রিপোর্টার
দিরাই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান মেয়র মোশারফ মিয়াকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। সোমবার বিকেলে দিরাই থানা পয়েন্টে দলের সমর্থিত প্রার্থী বিশ্বজিৎ রায়ের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় শাখাওয়াত হোসেন শফিক এই ঘোষণা দেন।
শাখাওয়াত হোসেন শফিক তাঁর বক্তব্যে বলেন, মোশাররফ মীরজাফর, বিশ্বাস ঘাতক হয়ে গেলেন, আওয়ামীলীগে কোন মীরজাফর বিশ্বাস ঘাতকের স্থান নেই, আজ থেকে মোশাররফ মিয়ার নাম আওয়ামীলীগ থেকে খারিজ করা হল। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বিশ্বজিৎ রায়ের নৌকার সমর্থনে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন, বিশ্বাস ঘাতক কখনও মানুষের সমর্থন পেতে পারে না।
শাখাওয়াত হোসেন শফিক বলেন, বিএনপিকে সহযোগিতা করতে মোশাররফ
বিদ্রোহী প্রার্থী হয়েছেন, এই অপশক্তিকে ২৮ তারিখের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে কঠিন জবাব দিতে হবে। তিনি বলেন, প্রধানমনস্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে ভোট দিয়ে দিরাইয়ের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ উদ দৌলার সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আবদুল মতিন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট অবনি মোহন দাস, আলতাব উদ্দিন, অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সিরাজুল ইসলাম সিরাজ, হুমায়ুন রশিদ লাভলু, সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি আজিজুর রহমান বুলবুল, অ্যাডভোকেট সোহেল আহমদ, অ্যাডভোকেট অভিরাম তালুকদার, রঞ্জন কুমার রাায়, পারভেজ রহমান প্রমুখ। বিকেল ৪ টায় শুরু হওয়া এই পথসভা একসময় জনসভায় পরিণত হয়।


