যাদুকাটায় চাঁদাবাজীর অভিযোগ

স্টাফ রিপোর্টার
জেলার অন্যতম বালি-পাথর মহাল তাহিরপুর উপজেলার যাদুকাটা মহালে অবৈধভাবে বালি-পাথর উত্তোলন, শ্রমিকদের কাছে বেপরোয়া চাঁদাবাজীর অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনে বালি-পাথর চোরাচালানী সিন্ডিকেটের অত্যাচার থেকে এলাকার ভূ-প্রকৃতি রক্ষার দাবি জানানো হয়েছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন তাহিরপুর উপজেলার কুনাট গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে      
গোলাপ মিয়া।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রভাবশালীরা রাজনৈতিক দলের পরিচয়ে সন্ত্রাসী সিন্ডিকেট সৃষ্টির মাধ্যমে রাতারাতি কোটি টাকার মালিক হয়েছে। যারা ওই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের উপর মিথ্যা মামলা-হামলা চালিয়ে ঘর-বাড়ি পুড়িয়ে এলাকা ছাড়া করে। ওই সিন্ডিকেট চক্র অবৈধভাবে সরকারি জমি দখল করে অবৈধ পাথর ভাঙ্গার মেশিন বসিয়ে দখল পাকাপুক্ত করে বিভিন্ন নামে লাখ লাখ টাকা চাঁদাবাজী করছে।  প্রভাবশালী ওই চক্র নদীতে অবৈধ বোমা মেশিন ও সেইভ মেশিন নিয়ে নদীর তলদেশ থেকে বালি-পাথর উত্তোলন করা হচ্ছে।