ছাতক প্রতিনিধি
ছাতকে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, নিজেকে স্মরণীয় ও বরেণ্য করে রাখতে জনগণের হৃদয়ে জনপ্রতিনিধিদের স্থান করে নিতে হবে । জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে কর্তব্য সম্পাদনে সচেতন থাকতে হবে তাদেরকে। নিজের কর্মকান্ডকে অন্য সহকর্মীর কাছে অনুসরণীয় করে তোলার সময় এসেছে। নির্বাচনী এলাকার প্রত্যক ভোটারকে সম-মুল্যায়ন করা সকল জনপ্রতিনিধির সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভোটের বিবেচনায় বিচার-বিশ্লেষণ করা হলে এলাকার উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। নিজেদের আত্ম-সম্মানের প্রতি দৃষ্টি রেখে সরকারী নিয়ম-নীতির মাধ্যমেই আপনাদেরকে এগিয়ে যেতে হবে।’ বৃহস্পতিবার বিকেলে শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্বাচিতদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমদ চৌধুরী উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সহকারী কমিশনার (ভুমি) শেখ হাফিজুর রহমান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী, সৈয়দ আহমদ প্রমুখ।
সভা শেষে ১৩ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান, ৩৯ জন সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের ১১৭ জন সদস্যকে দুটি পর্বে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক। এর আগে অতিথিবৃন্দ নব-নির্বাচিতদের রজনীগন্ধা ও গোলাপ দিয়ে স্বাগত জানান।


