শান্তিগঞ্জে বাজার ভিট নিয়ে দুইপক্ষে উত্তেজনা

স্টাফ রিপোর্টার
শান্তিগঞ্জের টাইলা বাজার ভিটের সীমানা বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওই স্থানে ১৪৪ ধারা জারির আদেশ দিয়েছেন। রোববার সন্ধ্যায় এই নির্দেশ দেওয়া হয়।
জানা যায়, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা বাজারে প্রাক্তন প্রধান শিক্ষক সুকেশ চন্দ্র দাসের ২৭৭ দাগের চার শতক রেকর্ডিয় বাড়ি রকম (বর্তমানে বাজার) ভিট ভূমির এক শতক জায়গা জোরপূর্বক দখল করে দেয়াল নির্মাণ করছিলেন টাইলা গ্রামের মো. আব্দুর রজ্জাকের ছেলে সিলেট পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল মো. ফয়সল আহমদ ও তার লোকজন। গ্রামের সালিশকারকরা বাধা দিলেও ফয়সল নির্মাণ কাজ বন্ধ করেন নি।
সুকেশ চন্দ্র দাস রোববার দুপুরে ওই জমিতে শান্তি শৃংখলা বজার রাখার স্বার্থে টাইলা গ্রামের মৃত শিকদার উল্ল্যাহ’র ছেলে মো. আব্দুল কাইয়ূম, তার সহোদর মো. আব্দুর রজ্জাক, আব্দুর রজ্জাকের ছেলে পুলিশ কনস্টেবল মো. ফয়সল আহমদ ও তার সহোদর সাজাদকে অভিযুক্ত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট (যার মোকদ্দমা নং-১৪০/২২) মামলা দায়ের করেন।
শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন চৌধুরী জানান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোববার সন্ধ্যায় ওই ভূমিতে ১৪৪ ধারা জারির আদেশ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওখানে কেউই কিছু করতে পারবেন না।