শাল্লায় করোনার সুযোগ নিয়ে সড়কের কাজে অনিয়ম

শাল্লা প্রতিনিধি
শাল্লায় উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও মডেল স্কুল সংলগ্ন সড়কটি নিম্মামানের মালামাল দিয়ে তড়িঘড়ি করে করার অভিযোগ পাওয়া গেছে। মহামারি করোনা পরিস্থিতিতে সুযোগ নিয়ে যুবলীগ নেতার তদারকিতে তড়িঘড়ি করে কাজ করা হচ্ছে।
জানা যায়, কাজটি পেয়েছিল হাজী মজু মিয়া এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ জনি মিয়া টেন্ডারে এলজিইডি’র একটি প্যাকেজে সাতটি কাজ পায়। সেই কাজগুলো যুবলীগ নেতা ফেনি ভুষণ সরকার ও রতন নামে ব্যক্তির কাছে জনি মিয়া বিক্রি করে দেন। আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ঘাটলা ও উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের ভিতরে সড়কসহ সবকটি কাজই যুবলীগ নেতা ফেণিভূষণ ও রতন দাস কাজগুলো করোনার আতংকের সুযোগ নিয়ে খুবই নিম্নমানে কাজ করছে। আর এসব কাজে সহযোগীতা করছে এলজিইডি অফিসের এক কর্মকর্তা।
সরজমিনে গিয়ে দেখা যায়, কাজে নিয়োজিত শ্রমিকরা বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় কাজ করছে। এখানে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। সড়কের কাজে খুবই নিন্মামানের মালামাল ব্যবহার করা হচ্ছে। ময়লাযুক্ত মালামাল দিয়ে সড়কের ঢালাই করছে শ্রমিকরা। কাজ পরিচালনায় নিয়োজিত এলজিইডি’র কার্যসহকারি মোঃ তকবির হোসেনকে সামনে রেখেই চলছে এমন দুর্নীতি অনিয়ম। কাজে অনিয়ম করছেন কেন জানতে চাইলে, পাশে বসে থাকা যুবলীগ নেতা ফেণিভূষণ সরকার বলেন, এটা আমাদের গ্রামের কাজ, গ্রামবাসির অভিযোগ নেই তোমাদের কি সমস্যা।
এ বিষয়ে ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের হেমসেন সরকার ও সুবীর সরকার বলেন, সড়কের কাজ খুবই নিন্মামানের হয়েছে। আমরা গ্রামের পক্ষে বাজে কাজ না করার জন্য নিষেধ করেছি। কিন্তু তাদের কাজ তারা করছেই।
কাজের বিষয়ে কথা বলতে এলজিইডি অফিসে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। এমনকি দু’দিন যাবত এলজিইডি’র উপ-সহকারি প্রকৌশলী মোঃ নূরুজ্জামানের মুঠোফোনে বার বার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এবিষয়ে এলজিইডি’র অতিরিক্ত দায়িত্বে থাকা প্রকৌশলী মোঃ ইফতেকার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি দিরাইয়ে আছি। আমি এখনই উপ-সহকারি প্রকৌশলী মোঃ নূরুজ্জামানকে বলে দিচ্ছি কাজটি দেখার জন্য।
এব্যাপারে উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজে অনিয়মের খবর পেয়ে আমি পরিদর্শন করেছি। তিনিও রাস্তার কাজটি নিন্মামানের হয়েছে বলে জানান।