স্টাফ রিপোর্টার
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও ব্র্যাক ওয়াশ কর্মসূচি সদর উপজেলা শাখার সহযোগিতায় ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন কর্মসূচির বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের মিলানায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার কাইজার মো. ফারাবীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। কর্মশালার মূল বিষয়বস্তু তোলে ধরেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মো. এরশাদুল হক।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সদর উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মোতালেব, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী লায়েছ তালুকদার, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়দুদ প্রমুখ।
কর্মশালায় সদর উপজেলা নির্বাহী অফিসার কাইজার মো. ফারাবী বলেন,‘ স্বাস্থ্য সেবার উন্নয়নে এবং সাধারণ নাগরিকদের মধ্যে জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের পক্ষ থেকে নানা ধরনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। যারা স্বাবলম্বী কিন্তু স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত (স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহার) করেননি তাদেরকে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন তৈরির সমপরিমান টাকা জরিমানা করা হবে। খুব শিঘ্রই এই কার্যক্রম শুরু করা হবে।’


