সিলেট অফিস
রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পদক’ পাওয়ায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া গণসংবর্ধনার জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন,‘আমাকে যে ভালবাসা দেখিয়েছেন তাতে আমি একান্তই অভিভূত। যা ভাষায় ভাষায় চিত্রায়িত করার সাধ্য আমার নেই। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আপনারা যারা আমার প্রতি সম্মান দেখিয়েছেন, সেটা কোন অবস্থায় ভুলবার নয়। আমি বারবার আপনাদের কাছে ফিরে আসবো।’ শনিবার সন্ধ্যায় সিলেটের রিকাবীবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।
এসময় দেশের সার্বিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন,‘জাতিসংঘ ২০৩০ সালের মধ্যে পৃথিবী থেকে দারিদ্র দূর করার পরিকল্পনা হাতে নিয়েছে। কিন্তু বাংলাদেশে আগামী ২০২১ সালের মধ্যে দরিদ্রতার হার ১০ ভাগে নেমে আসবে।’
তিনি বলেন, দারিদ্রসীমা ১০ থেকে ১১ শতাংশে নিয়ে আসতে পারলে দেশে দারিদ্রতা থাকবে না। কারণ, কিছু লোক সবসময় রাষ্ট্রের উপর নির্ভরশীল থাকে। এরা হচ্ছে বয়স্ক-বঞ্চিত ও প্রতিবন্ধি লোক।
অর্থমন্ত্রী বলেন,‘ বাংলাদেশে এখনো প্রায় ৩ কোটি লোক গরিব। দারিদ্র বিমোচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সবধরণের উদ্যোগ নিচ্ছে। এরফলে ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং একই সাথে দারিদ্রও বিমোচন হবে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ খুবই বুদ্ধিমান। বাংলাদেশে কৃষি জমি কমলেও সাধারণ কৃষকরা প্রখর বুদ্ধি ও দক্ষতার মাধ্যমে কৃষি বিপ্লব ঘটিয়েছে। দেশে এখন খাদ্য ঘাটতি নেই।
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইমরান আহমদ, জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির, জাতীয় চা বোর্ডের চেয়ারম্যান সাবেক সচিব ড. একে মুবিন, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সামিউল আলম প্রমুখ। শুরুতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠন, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।


