সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত ৩ আহত ১৫

ছাতক প্রতিনিধি
ছাতকে সড়ক দুর্ঘটনায় দুই মহিলা সহ ৩জন নিহত হয়েছেন। বুধবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাতুয়ায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় দুই মহিলাসহ ৩জন ঘটনাস্থলে মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় ৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে দিরাইগামী যাত্রীবাহী বিরতিহীন বাস (মৌলভীবাজার জ-১১-০২৫৮) জাতুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যায় বাসের যাত্রী শাল্লা উপজেলার মোক্তারপুর গ্রামের রাধা রানী (৪৫), দিরাই উপজেলার হাসিমপুর গ্রামের মৌসুমী রানী(২৫) । অন্য জনের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সে বাসের হেলপার ছিল। এদিকে গুরুতর আহত গোপাল মোহন নন্দ (৪৮), বিপুল রায় (২৫), মায়ারানী (৫৫), লুৎফুর রহমান (৩৫), আলী হোসেন (৬০), পপি রায় (১৮) আবুবক্কর (৬০), মুরছালিন (২০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃদুল পাল (৪৮), মহিউদ্দিন (৪০) সহ অন্যান্যদের কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
বাসের যাত্রীরা জানিয়েছেন দুর্ঘটনার সময় চালক মোবাইলে ফোনালাপরত ছিলেন। দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশের হেফাজতে        রয়েছে। বাস চালক পালিয়ে গেছে।
ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, জাঊয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সফিকুল ইসলাম ও হাইওয়ে পুলিশের এসআই একেএম সফিকুল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দুর্ঘটনার সময় সড়কে যানজটের কারণে প্রায় আধাঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।