সুনামগঞ্জ-১ আসনে গণসংযোগ শুরু করেছেন ৬ আ.লীগ নেতা

বিশেষ প্রতিনিধি
দলীয় হাইকমা- জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেবার নির্দেশনা দেওয়ায় সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর ও মধ্যনগর) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা তৎপরতা বাড়িয়েছেন। কেউ কেউ ঈদের ছুটি কাটিয়েছেন নির্বাচনী এলাকায়। ঈদ ও শারদীয় শুভেচ্ছার পোস্টার সাঁটিয়েছেন পুরো নির্বাচনী এলাকায়। আবার কোন কোন প্রার্থীর পক্ষে সমর্থকরা ক্যাম্পেইন শুরু করেছেন। সব মিলিয়ে এই আসনের আওয়ামী লীগ কর্মীদের মধ্যে আগাম জাতীয় নির্বাচন নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে। এই নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যাও জেলার অন্য আসনগুলোর চেয়ে বেশি। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, এই আসনে এই পর্যন্ত ৬ জন দলীয় নেতা মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে। এরা হলেন- দলের বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সাবেক সংসদ সদস্য সৈয়দ রফিকুল হক সুহেল, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামিমা শাহ্রিয়ার, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. রঞ্জিত সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম ও আওয়ামী লীগ নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল। একজন মনোনয়ন প্রত্যাশী সম্প্রতি দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে দোয়া চেয়েছেন। সভানেত্রী নির্বাচনী এলাকায় দলকে সংগঠিত করারও নির্দেশ তাকে দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সুনামগঞ্জ-১ আসনের বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বিগত নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থী সৈয়দ রফিকুল হক সুহেলের সঙ্গে লড়াই করে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হন। এই আসনের সব কয়টি উপজেলায়ই আওয়ামী লীগের দ্বিধাবিভক্তি রয়েছে। তবে তিন উপজেলায়ই সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে দলীয় সাংসদ রতনের।
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগে বর্তমানে তিন বলয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও নবী হোসেনের নেতৃত্বে একাংশ রয়েছে। এই অংশের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীমের ঘনিষ্টতা বেশি। তবে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বিভিন্ন কর্মসূচিতেও এরা যোগদান করেন।
এছাড়াও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুকিত চৌধুরী’র নেতৃত্বে আরো দুটি বলয় রয়েছে। স্থানীয়ভাবে এই দুই বলয়ই সংসদ      
সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ঘনিষ্ট হিসাবেই পরিচিত।
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এবং সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস। এরা দু’জন সম্মেলনের পর দুই বলয়ে থাকলেও সম্প্রতি বিরোধ মিটিয়ে এক সঙ্গেই কাজ করছেন । তবে এই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর কবীর এবং সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী’র নেতৃত্বে কিছু নেতাকর্মী এখনো স্থানীয়ভাবে মোয়াজ্জেম হোসেন রতন বিরোধী শিবিরেই রয়েছেন।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান এবং সাধারণ সম্পাদক অমল কর সম্মেলনের পর কিছুদিন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বিভিন্ন কর্মসূচিতে অংশ না নিলেও সম্প্রতি সংসদ সদস্যের কর্মসূচিতে উপস্থিত থাকছেন। তবে এই উপজেলায় দলীয় নেতা কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে বলে দলীয় একাধিক নেতা কর্মী জানিয়েছেন।
সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন,‘আমি দুইবার মনোনয়ন পেয়ে অনেক ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি। আমাদের নেত্রী, দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় থাকি আমি। দলীয় সভানেত্রীর সকল সিদ্ধান্তের সঙ্গে আমি শতভাগ একমত পোষণ করি। আগামী জাতীয় নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে তিনি যেটি ভাল মনে করবেন, সেটিই করবেন’।
মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শামীমা শাহ্রিয়ার ঈদের ছুটিতে নির্বাচনী এলাকায় গণসংযোগ করে সময় কাটিয়েছেন।
অ্যাডভোকেট শামীমা শাহ্রিয়ার বলেন,‘মনোনয়ন চাইবো, নেত্রী (সভানেত্রী) যে সিদ্ধান্ত দেবেন, সেটিই মানবো’।
সাবেক সংসদ সদস্য সৈয়দ রফিকুল হক সুহেল বিগত জাতীয় নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে চ্যালেঞ্জ করে বিদ্রোহী প্রার্থী হিসাবে লড়াইয়ে ছিলেন।
সৈয়দ রফিকুল হক সুহেল বলেন,‘পরিস্থিতির উপর নির্ভর করছে নির্বাচন করবো কী না। এখনই চূড়ান্ত কিছু বলা যাবে না’।
অ্যাডভোকেট রঞ্জিত সরকার বলেন,‘বয়স বেড়ে যাচ্ছে। এই নির্বাচনে না লড়লে, পরে আর মানুষের জন্য বেশি কাজ করার শারীরিক শক্তি থাকবে না। দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইবো। তবে এবার আমি নির্বাচন করবোই’।
আওয়ামী লীগ নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,‘ আমি মনোনয়ন চাইবো, দল জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেবার জন্য নির্দেশ দিয়েছে, এজন্যই নির্বাচনী এলাকায় ঘুরছি’।
মুঠোফোন বন্ধ থাকায় রেজাউল করিম শামিমের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, দলের একটি সূত্র জানিয়েছে এলজিইডি’র হাওর এলাকার হিলিফ প্রকল্পের পিডি সুনামগঞ্জ-১ আসনের ধর্মপাশা উপজেলার জয়শ্রী’র বাসিন্দা ইঞ্জিনিয়ার গোপাল চন্দ্র সরকারও মনোনয়ন চাইতে পারেন। তবে ইঞ্জিনিয়ার গোপাল চন্দ্র সরকার ফোন রিসিভ না করায় এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
আওয়ামী লীগ নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল অবশ্য বলেছেন,‘ইঞ্জিনিয়ার গোপাল চন্দ্র সরকারের সঙ্গে তার একাধিকবার কথা হয়েছে, তিনি নির্বাচন করার আগ্রহ ব্যক্ত করেননি’।