সুরঞ্জিতের উত্তরাধিকারিত্ব- ‘সেন বাবু’র পরিবার থেকেই প্রার্থী চাই’

বিশেষ প্রতিনিধি ও আবু হানিফ চৌধুরী, দিরাই
‘আওয়ামী ঘরানার ভোটাররা সেন বাবু’র (প্রয়াত বর্ষীয়ান রাজনীতিক সুরঞ্জিত সেন গুপ্ত) পরিবার থেকেই প্রার্থী চায়। এই পরিবার থেকে প্রার্থী হলে দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকবে। শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।’ দিরাই বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিক সিরাজ দৌলা তালুকদারের মন্তব্য এটি।
কেবল সিরাজ দৌলা তালুকদার নয়, রাজনীতি সচেতন এলাকা দিরাই-শাল্লার বিভিন্ন পেশাজীবী-শ্রমজীবী ও রাজনৈতিক কর্মীরা স্বনামধন্য রাজনীতিবিদ ৮ বারের সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত’র মৃত্যুর পর ঐ এলাকার পরবর্তী নেতৃত্ব নিয়ে ভাবা শুরু করেছেন।
সুরঞ্জিত সেন গুপ্তের শেষকৃত্য সম্পন্ন করে মঙ্গলবার সকালে তাঁর একমাত্র সন্তান সৌমেন সেন গুপ্ত ঢাকা ফেরার সময় সুরঞ্জিত সেন গুপ্তের দিরাই শহরের আনোয়ারপুরের বাড়ীতে শত শত মানুষ জড়ো হন। অনেকে সৌমেন সেন গুপ্তকে জড়িয়ে কান্নাকাটি করে বলেছেন,‘আমরা তোমার বাবার অসম্পূর্ণ কাজ সম্পন্ন দেখতে চাই, এজন্য তোমাকেই দায়িত্ব নিতে হবে’।
সৌমেন সেন গুপ্ত এসময় শোকার্ত মানুষজনকে শান্তনা দিয়ে বলেছেন,‘আপনারা বাবাকে ভালবাসতেন, বাবাও আপনাদের ভালবাসতেন। মৃত্যুর পর এই ভালোবাসার যে প্রতিদান আপনারা দিয়েছেন। এই ঋণ আমরা শোধ করতে পারবো না। আমরা দিরাই-শাল্লাবাসীর পাশে থাকবো, আমরা কখনোই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে যাব না’। সৌমেনের মন্তব্যে উপস্থিত শোকাহত সকলেই খুশি হয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজনৈতিক কর্মী ও পেশাজীবীদের সঙ্গে কথা বলে দিরাই-শাল্লার পরবর্তী নেতৃত্ব নিয়ে তাদের ভাবনার কথা জানা গেছে।
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলামিন চৌধুরী বলেন,  ‘সাধারণ মানুষ চায় সুরঞ্জিত সেন গুপ্তের পরিবার থেকেই দিরাই-শাল্লার নেতৃত্ব তৈরি হোক। প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেন গুপ্তকে দিরাই-শাল্লার মানুষ অসম্ভব ভালবাসে। উচ্চশিক্ষিত জয়া সেন সুরঞ্জিতকে দীর্ঘদিন গাইড করেছেন। সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুর পর মানুষ যেভাবে শোকাহত হয়েছে, জয়া সেন বা তাঁর ছেলে সৌমেন সেনকে ভোট দিতে পারলে মানুষ কিছুটা শান্তনা খোঁজে পাবে’।
দিরাই বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ধনির রঞ্জন রায় বলেন,‘সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে। এটি পূরণ হবার নয়। তবে সুরঞ্জিত সেন গুপ্তের পরিবারের কেউ এই আসনে প্রার্থী হলে আওয়ামী লীগ বা এই ঘরানার ভোটারদের মধ্যে কোন দ্বন্দ্ব থাকবে না’।
শাল্লা (ঘুঙ্গিয়ারগাঁও) বাজার সমিতির সাধারণ সম্পাদক সুবীর সরকার পান্না বলেন,‘দিরাই-শাল্লা বাবু’র স্বপ্নে লালিত। আমাদের শাল্লার আওয়ামী ঘরানার ভোটারদের এক কাতারে আনতে হলে বাবু’র স্ত্রী জয়া সেন বা পুত্র সৌমেন সেনকেই প্রার্থী করতে হবে। অন্য কেউ প্রার্থী হলে বিভিন্ন মতপার্থক্য দেখা দিবে’।
দিরাই উপজেলা রিক্সা মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন,‘আমরা গুঞ্জন শুনছি সেন বাবু’র ছেলে সৌমেন সেন গুপ্ত, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান এবং আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ আজাদ ডন এই ৩ জনের কেউ এখানে প্রার্থী হতে পারেন’।