দক্ষিণ সুনামগঞ্জ অফিস
ছাতকের বড়কাপনে সড়ক দুর্ঘটনায় নিহত মহানগর ছাত্রলীগ কর্মী ও এমসি কলেজের মেধাবী ছাত্র হাসান আহমদ সুমনের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামে নিজ বাড়ীর দক্ষিণের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরমান আহমদ শিপলু, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক গণযোগাযোগ বিষয়ক উপ-সম্পাদক সম্পাদক ময়নুল ইসলাম ফয়সল, সিলেট মহানগর তাতী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আবুল হাসনাত বুলবুল, সিলেট মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নজির হোসেন লাহিন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী ও মহানগর ছাত্রলীগের ২ শতাধিক নেতাকর্মী সহ বিভিন্ন জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
২ ভাই ও ৫ বোনের মধ্যে সুমন ছিল ৬ষ্ঠ। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা তার পরিবারের সদস্যরা।
জানা যায়, সুমন দুর্ঘটনার দিন সকালে সিলেট থেকে নিজ গ্রামে আসে। ঐদিন বিকেলে আবার সিলেটে ফেরার পথে ছাতক উপজেলার বড়কাপন পয়েন্টে যাওয়া মাত্রই মোটর সাইকেল নিয়ে সাইড করা অবস্থায় ঘাতক পিকাপ তাকে চাপা দেয়।
নিহত সুমনের বাবা এখলাসুর রহমান কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলে বাড়ি থেকে সিলেটের পথে যাচ্ছিল। বড়কাপন পয়েন্টে যেতেই পিকাআপের বেপরোয়া চালক আমার ছেলেকে ধাক্কা দিয়ে আমাদের স্বপ্নকে ধুলিস্মাত করে দিয়েছে। আমি প্রধানমন্ত্রীসহ দেশবাসী ও প্রশাসনের কাছে এই ঘাতক চালকের উপযুক্ত বিচার চাই।


