হাটের দশ কিলোমিটার দূরের গ্রাম থেকে খাজনা আদায়ের অভিযোগ

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে হাটের দশ কিলোমিটার দূরের গ্রাম থেকে খাজনা আদায়ের অভিযোগ উঠেছে। গরু ব্যবসায়ী উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শাহগঞ্জ গ্রামের জামাল মিয়া (৬২) বলেন, তিনি নিশ্চিন্তপুর গ্রাম থেকে চারটি গরু ক্রয় করার পর বিক্রির উদ্দেশ্যে পাশ^র্বর্তী বারহাট্রা উপজেলার নৈহাটি বাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে বাদাঘাট বাজারের ইজারাদার আমিন মিয়া থানা পুলিশ নিয়ে হাজির হয়ে আমার কাছ থেকে চার হাজার টাকা নিয়ে যায়।
জামাল মিয়া জানান, নিশ্চিন্তপুর গ্রাম বাদাঘাট বাজার থেকে ১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ইজারাদার ও পুলিশের চাপে পড়ে আমি টাকা দিতে বাধ্য হয়েছি।
একই ইউনিয়নের শ্রীপুর গ্রামের গরু ব্যবসায়ী কবির মিয়া জানান, তিনি উপজেলার বড়দল গ্রাম থেকে ৩টি গরু নিয়ে তার বাড়ির দিকে রওয়ানা হয়েছিলেন। বাজার ইজারাদার আমিন মিয়া তার নিকট থেকে জোর করে তিন হাজার টাকা নিয়ে যায়। কবির মিয়া জানান, বড়দল গ্রাম বাদাঘাট বাজার থেকে ৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
বাদাঘাট বাজারের ইজারাদার আমিন মিয়া টাকা নেয়ার সত্যতা স্বীকার করে বলেন, পূর্বের ধাবাহিকতায় আমরা এভাবেই হাসিলের টাকা গ্রাম থেকেই উঠিয়ে নিয়ে আসি।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ বলেন, বিষয়টি আমাকেও গরু ব্যবসায়ী জামাল মিয়া বলেছে। জামাল মিয়াকে বলেছি, যে পুলিশ ইজারাদারের সাথে আসছিল তার নাম দেয়ার জন্য। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করবেন বলেও জানান।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, পুলিশ এভাবে ইজারাদারকে সহযোগিতা করার কথা নয়। তারপরও আমি খেঁাজ নিয়ে দেখছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, বাজার ইজারাদারকে বাজার থেকেই খাজনা আদায় করতে হবে। বাজারের বাইরের এলাকা থেকে কোন খাজনা আদায় করতে পারবে না। আমার কাছে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।