হাসপাতালে ভাংচুর- জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
সরকারি কাজে বাধা দেবার অভিযোগে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুলের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। সোমবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মামুনুর রশিদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, রবিবার রাত ৮ টায় সামিয়ান তাজুলের বাবা (নাম- সিরাজ            
মিয়া, তেঘরিয়া) হাসপাতালের জরুরি বিভাগে আসলে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বলে দেওয়া হয়, তাঁর শারিরিক অবস্থা ভাল নয়। তাঁকে (সিরাজ মিয়াকে) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করারও পরামর্শ দেওয়া হয়।
রাত ৯ টা ২০ মিনিটে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল ডা. মামুনুর রশিদের কক্ষে ঢুকে বলেন,‘তোমরা এখানে বসে টিভি দেখ, এ কথা বলেই টিভি, চেয়ার, টেবিল, দরজা ভাংচুর করে প্রায় এক লাখ টাকার মালামাল বিনষ্ট করেন তাজুল। পরে তিনি তাঁর আইডি কার্ড দিয়ে বলেন পারলে কিছু করিস।
ডা. রফিকুল ইসলাম বলেন,‘বিষয়টি বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব ডা. এহ্তেশামুল হক চৌধুরীকেও জানানো  হয়েছে। সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
এ বিষয়ে কথা বলার জন্য সামিয়ান তাজুলের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁর মুঠোফোন কলড্রাইভার্ট থাকায় কথা বলা যায়নি।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী বলেন,‘বিষয়টি রাতে শুনে খারাপ লেগেছে আমার। ছাত্রলীগের পরিচয় দিয়ে এই কাজ করা দুঃখজনক হয়েছে’।
সুনামগঞ্জ সদর থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী বলেন,‘সোমবার সকালে সামিয়ান তাজুলের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেবার ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে’।