৩ সাংবাদিকের উপর মামলার প্রতিবাদে ছাতকে মানববন্ধন

ছাতক প্রতিনিধি
সিলেটের বহুল প্রচারিত দৈনিক সবুজ সিলেটের সম্পাদক ও সম্পাদক মন্ডলী সিলেটের সভাপতি মুজিবুর রহমান সহ ৩ সাংবাদিকের উপর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে এবং ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ছাতকে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সমাজের দুর্নীতি-অনিয়ম, সম্ভাবনা ও অবহেলিত মানুষের না বলা কথা এবং সমাজের অপরাধ চিত্র জনসম্মুখে তুলে ধরার জন্য সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। সিলেটে দৈনিক সবুজ সিলেট প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে আপোসহীন পথচলা অব্যাহত রেখেছে। মামলা-হামলা দিয়ে সবুজ সিলেটের গৌরবের পথ চলা বাধাগস্ত করা সম্ভব নয়। অপরাধীদের বিরুদ্ধে অব্যাহত লিখনীর ফলে সবুজ সিলেটের প্রাঠকপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এমনই একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় অপরাধীদের আক্রোশের শিকার হয়েছেন দৈনিক সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান সহ অপর ৩ সাংবাদিক। ডিজিটাল নিরাপত্তা আইনে সম্পাদকসহ ৩ সাংবাদিকের উপর মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।
এসময়^ দৈনিক সবুজ সিলেটের সম্পাদক ও প্রকাশক এবং সম্পাদক মন্ডলী সিলেটের সভাপতি মুজিবুর রহমান সহ অপর ৩ সাংবাদিকের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
প্রতিবাদ সভায় ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক, দৈনিক সবুজ সিলেট ছাতক প্রতিনিধি বিজয় রায়ের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, সাংবাদিক সাকির আমিন, সাংবাদিক আমিনূল ইসলাম আজির, সুজন তালুকদার, শংকর দত্ত, ব্যবসায়ী আলী হোসেন, বিপ্লব দাস প্রমুখ।