স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, পুলিশ সুপার ও সিভিল সার্জনের করোনা টিকা গ্রহণের মধ্য দিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি সুনামগঞ্জে করোনা টিকা দেওয়া শুরু হবে। জেলা সদরে ১০ টি এবং প্রত্যেকটি উপজেলা সদরে ৩ টি টিকাদান কেন্দ্র থাকবে। অর্থাৎ জেলার প্রায় ৪০ টি কেন্দ্রে করোনা টিকা প্রদান করা হবে। প্রথম দফায় ৮৪ হাজার ডোজ টিকা ৪২ হাজার জনকে প্রদান করা হবে। টিকা গ্রহণে আগ্রহীদের রেজিস্ট্রেশন করতে সহায়তা করবে সরকারি সকল ই-সেন্টার। বুধবার জেলা করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সম্পাদন কমিটির সভায় এমন তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, সাংবাদিক বিন্দু তালুকদার প্রমুখ।
সভায় জানানো হয়, করোনা টিকা গ্রহণে আগ্রহীদের www.surokkaha.gov.bd ওয়েব সাইটে লগ ইন করে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন করার পর অবশ্যই উদ্দিষ্ট ব্যক্তিকে টিকাদান কার্ড এর প্রিন্ট কপি বের করতে হবে এবং টিকা নেবার জন্য তা নির্দিষ্ট তারিখে টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে হবে। নিজেরা যারা নিবন্ধন করতে পারবেন না তারা পাশর্^বর্তী সরকারি ই-সেবা কেন্দ্র যেমন ইউনিয়ন ইউডিসি সেবা কেন্দ্র, পৌরসভা, উপজেলা পরিষদে উপজেলা পরিষদ চেয়ারম্যান বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়ে এসে নিববন্ধন করতে পারবেন। কোন ইউনিয়ন ই-সেবা কেন্দ্র ২০ টাকার বেশি নিবন্ধন চার্জ রাখতে পারবে না বলেও জানিয়ে দেওয়া হয়। এছাড়াও ১৮ বছরের কম বয়সী কোন ব্যক্তিকে টিকা দেওয়া যাবে না। গর্ভবতী ও দুগ্ধদানকারী মা কে টিকা দেওয়া যাবে না এবং করোনা আক্রান্ত ব্যক্তিকে টিকা দেওয়া যাবে না।
জেলায় করোনা টিকা কার্যক্রমে যুক্ত থাকবেন ৫১২ জন স্বেচ্ছাসেবী। টিকা নিয়ে কেউ অপপ্রচার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবার কথাও জানিয়ে দেওয়া হয় সভায়। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকাদান কর্মসূচী চলবে।
উল্লেখ্য, গত রবিবার ভোর সাড়ে ৬ টায় কঠোর পুলিশ নিরাপত্তায় ফ্রিজার ভ্যানে সাতটি কার্টুনে ১২ হাজার করে ৮৪ হাজার ডোজ ভ্যাকসিন সুনামগঞ্জে এসে পৌঁছেছে।


